বাংলাদেশ যখন স্বাধীনতার আনন্দে উদ্বেলিত, সদ্য প্রণীত সংবিধানে জাতির নতুন পরিচয় লেখা হচ্ছে, ঠিক তখনই একজন তরুণ গণপরিষদ সদস্য দাঁড়িয়ে বলেছিলেন এমন কিছু কথা, যা আজও বাংলাদেশের জাতিগত ও সাংস্কৃতিক বহুত্ববাদের প্রশ্নে প্রাসঙ্গিক হয়ে আছে। তাঁর নাম মানবেন্দ্র নারায়ণ লারমা—পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার, আত্মপরিচয় ও রাজনৈতিক স্বীকৃতির সংগ্রামের অন্যতম প্রধান নেতা।
১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির মহাপুরমে (মাওরুম), তৎকালীন বুড়িঘাট মৌজায় মানবেন্দ্র নারায়ণ লারমার জন্ম। কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট কাপ্তাই হ্রদের পানিতে তাঁর জন্মভিটাও একসময় ডুবে যায়। ছাত্রজীবন থেকেই তিনি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অধিকারভিত্তিক আন্দোলনে যুক্ত হন।
Visit turconews.click for more information.
১৯৫৭ সালে প্রথম পাহাড়ি ছাত্র সম্মেলন আয়োজনে এম এন লারমা ছিলেন অন্যতম উদ্যোক্তা; ১৯৬১ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ১৯৬৩ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়, ১৯৬৫ সালে তিনি কারামুক্ত হন।
শিক্ষাজীবন শেষে এম এন লারমা শিক্ষকতা ও আইন পেশায় যুক্ত হন। ১৯৭০ সালে পার্বত্য চট্টগ্রাম নির্বাচন পরিচালনা কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি এম এন লারমা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিসংবলিত চার দফা প্রস্তাব পেশ করেন। একই বছর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠিত হলে তিনি এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন, পরবর্তী সময়ে সভাপতির দায়িত্বও গ্রহণ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
গণপরিষদে ঐতিহাসিক প্রতিবাদ
বাংলাদেশের সংবিধানে আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠীসমূহের স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতির পরিবর্তে তাঁদের বাঙালি হিসেবে অভিহিত করার প্রতিবাদে ১৯৭২ সালের ৩১ অক্টোবর তিনি গণপরিষদের অধিবেশন বর্জন করেন। তাঁর এই অবস্থান ছিল জাতিগত পরিচয়, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ। সেদিন বাংলাদেশ গণপরিষদে সংবিধান বিল বিবেচনার (দফাওয়ারি পাঠ) অধিবেশন চলছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অধিকারী আওয়ামী লীগের সদস্য আহমদ রাজ্জাক ভূঁইয়া সংবিধান বিলের ৬ নম্বর অনুচ্ছেদে একটি সংশোধনী উত্থাপন করেন, যাতে বলা হয়—
‘৬. বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে, বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন।’
সেই মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, ‘আমি যে অঞ্চল থেকে এসেছি, সেই পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা যুগ যুগ ধরে বাংলাদেশে বাস করে এসেছে। বাংলাদেশের বাংলা ভাষায় বাঙালিদের সঙ্গে লেখাপড়া শিখে আসছি। বাংলাদেশের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের কোটি কোটি জনগণের সঙ্গে আমরা বসবাস করে আসছি। কিন্তু আমি একজন চাকমা। আমার বাপ, দাদা, চৌদ্দ পুরুষ—কেউ বলেনি, আমি বাঙালি।
এম এন লারমা
‘আমার সদস্য-সদস্যা ভাই-বোনদের কাছে আমার আবেদন, আমি জানি না, আজ আমাদের এই সংবিধানে আমাদের কেন বাঙালি বলে পরিচিত করতে চায়...মাননীয় স্পিকার সাহেব, আমাদিগকে বাঙালি জাতি বলে কখনো বলা হয়নি। আমরা কোনো দিনই নিজেদের বাঙালি বলে মনে করি না। আজ যদি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধানের জন্য এই সংশোধনী পাস হয়ে যায়, তাহলে আমাদের এই চাকমা জাতির অস্তিত্ব লোপ পেয়ে যাবে। আমরা বাংলাদেশের নাগরিক। আমরা নিজেদের বাংলাদেশি বলে মনে করি এবং বিশ্বাস করি। কিন্তু বাঙালি বলে নয়।’
কিন্তু বাংলাদেশের শত শত বছরের জাতিগত ও সাংস্কৃতিক বহুত্ববাদকে সেদিন অস্বীকার করা হয়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংশোধনীটি গণপরিষদে পাস হয়ে যায়। মানবেন্দ্র নারায়ণ লারমা সেদিন প্রতিবাদ জানিয়ে গণপরিষদের অধিবেশন বর্জন করেছিলেন।
সেই পরিপ্রেক্ষিতে গণপরিষদে তৎকালীন শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম বলেছিলেন, ‘বাঙালি হিসেবে পরিচয় দিতে রাজি না হয়ে বাবু মানবেন্দ্র নারায়ণ লারমা এই পরিষদকক্ষ ত্যাগ করেন...তিনি যাঁদের প্রতিনিধিত্ব করেন, তাঁদের প্রস্তাব উত্থাপন না করে, বাঙালি-পরিচয়ের প্রতিবাদে যাঁদের নাম করে এই পরিষদকক্ষ পরিত্যাগ করে চলে গেছেন, তাঁরা বাঙালি জাতির অঙ্গ। পার্বত্য চট্টগ্রামে যে পাঁচ লাখ উপজাতি রয়েছেন, তাঁরা বাঙালি। তাঁরা সাড়ে সাত কোটি বাঙালির অঙ্গ বলে মনে করি...তাঁর কাছে আমার অনুরোধ, তিনি পরিষদে এসে তাঁর দায়িত্ব পালন করুন। পরিষদে এসে এই বাঙালি জাতীয়তাবাদের মহান প্রস্তাবকে সফল করে তুলুন। আমি আশা করব, বাঙালি হিসেবে তিনি তাঁর নিজস্ব অঞ্চল ও নিজের পরিচয় দেওয়ার সুযোগ গ্রহণ করবেন।’
সংবিধান সংস্কার প্রশ্ন এবং এম এন লারমাএম এন লারমার জীবন: আত্মত্যাগের এক অনন্য দলিল আজ পেছন ফিরে তাকালে এই বাহাসের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রামসহ সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে কেউ কেউ রাষ্ট্রীয় খেতাবও পেয়েছিলেন। অথচ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল তৎকালীন আওয়ামী লীগের নেতাদের গণপরিষদে প্রদত্ত বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে—তাঁরা বাংলাদেশের জাতিগত ও সাংস্কৃতিক বহুত্ববাদ সম্পর্কে মোটেই অবগত ছিলেন না। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের শত শত বছর আগে থেকেই এই ভূখণ্ডে যে অর্ধশতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করে আসছিল, তা তাঁদের বিবেচনায় ছিল না।
শেখ মুজিবুর রহমানের কাছে স্বায়ত্তশাসনের দাবি উত্থাপনের পর ১৯৭২ সালের ২ নভেম্বর সংবিধান বিলে মানবেন্দ্র নারায়ণ লারমা ‘৪৭ ক’ নামে একটি নতুন অনুচ্ছেদ সংযোজনের প্রস্তাব এনে আরও একবার স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেন। এই সংযোজনীতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আদিবাসী পাহাড়ি–অধ্যুষিত হওয়ায় তাঁদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অধিকারের নিরাপত্তার জন্য এই অঞ্চলকে স্বায়ত্তশাসন দেওয়া প্রয়োজন।
এ ছাড়া মানবেন্দ্র নারায়ণ লারমা তাঁর দাবির সপক্ষে যুক্তি তুলে ধরে তৎকালীন গণপরিষদে পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিকভাবে পৃথক-শাসিত অঞ্চলের মর্যাদা এবং সেখানকার জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরেছিলেন। কিন্তু তাঁর দাবি ও বক্তব্যকে বিধিবহির্ভূত ও সার্বভৌমত্ববিরোধী আখ্যা দিয়ে নাকচ করা হয়।
দীর্ঘ সংঘাত থেকে পার্বত্য চুক্তি, অতঃপর
পরবর্তী সময়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের সব পথ বন্ধ হয়ে গেলে তাঁর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে অনিয়মতান্ত্রিক আন্দোলন শুরু হয়। তার সূত্র ধরে দুই দশকেরও বেশি সময়ের সশস্ত্র সংঘাতের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পাহাড়িদের ন্যূনতম রাজনৈতিক অধিকার স্বীকৃতি পায়। কিন্তু চুক্তি স্বাক্ষরের প্রায় তিন দশক পরেও এর মৌলিক বিষয়গুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি—এ বাস্তবতা আজও পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থেকে যায়।
১৯৭৫ সালের ১৬ আগস্ট থেকে মানবেন্দ্র নারায়ণ লারমা আত্মগোপনে ছিলেন। ১৯৭৭ ও ১৯৮২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জাতীয় সম্মেলনে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর ভোরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার থুম এলাকায় তাঁর রাজনৈতিক সংগঠনের উপদলীয় চক্রান্তকারীদের সশস্ত্র হামলায় তিনি নিহত হন। তাঁর মৃত্যু পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক গভীর শোকাবহ অধ্যায়।
আজকের প্রাসঙ্গিকতা
এম এন লারমার জীবন ও সংগ্রাম আজও ভূমি, জাতিসত্তা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এবং অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে বিবেচিত হয়। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে এসে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দেশের বহুজাতিক, বহুসাংস্কৃতিক পরিচয়ের স্বীকৃতি এখনো অসমাপ্ত ও অসম্পূর্ণ কাজ হয়ে আছে।
বাংলাদেশ যখন তার গণতান্ত্রিক ও বহুত্ববাদী চরিত্র নতুন করে সংজ্ঞায়িত করার পথে হাঁটছে, তখন এম এন লারমার সেই কণ্ঠস্বর—‘আমরা বাংলাদেশি, কিন্তু বাঙালি নই’—আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে। জাতিগত বৈচিত্র্যকে স্বীকার করেই যে প্রকৃত জাতীয় ঐক্য গড়ে ওঠে, এম এন লারমার সংগ্রাম আজও সেই শিক্ষাই দিয়ে যায়।
Read full story at source